National Mourning Day Observed at CUET
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বিনম্র শ্রদ্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ এবং শোকের প্রতীক কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর কালো ব্যাজ ধারণ, শোকাহত ১৫ আগস্টে নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর চুয়েটে পরিবারের বিপুল অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও নিহতদের আত্নার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল।
দিনব্যাপী এসব অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম।
এ উপলক্ষে চুয়েটের পশ্চিম গ্যালারিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কেবল স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ নয়, যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনেও তার অবদান অনস্বীকার্য। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনাবাহিনীর বিপথগামী একদল ঘাতকের হাতে তার নৃশংস হত্যাকাণ্ড ছিল জাতীয় ইতিহাসের সবচেয়ে বড় কলংক। সেই হত্যাকান্ডের বিচার হয়েছে, এখন একাত্তরের অপরাধীদের বিচার করলে চুড়ান্ত শাপমোচন হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বঙ্গবন্ধুর সেই স্বপ্নের বাংলাদেশের যথাযথ রূপায়ণ সম্ভব হবে বলেই আমাদের সুদৃঢ় বিশ্বাস।
চুয়েট ভিসি জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপুল উপস্থিতির জন্য সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন প্রফেসর ড. মো: আব্দুর রশীদ, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন প্রফেসর ড. স্বপন কুমার পালিত।
চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. আশুতোষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চুয়েটের রেজিস্ট্রার প্রকৌশলী মো: সফিকুল ইসলাম, বেগম সুফিয়া কামাল হলের প্রভোস্ট প্রফেসর ড. রণজিৎ কুমার সূত্রধর, চুয়েট শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মীর মো: সাক্বী কাওসার, যন্ত্রকৌশল বিভাগের সহকারী শিক্ষক জামাল উদ্দিন আহমদ, কর্মকর্তা সমিতির সভাপতি ডা: মো: ইউসুফ মিঞা, কর্মচারী সমিতির সাধারন সম্পাদক মো: জামাল উদ্দীন, কর্মচারী সমিতির সদস্য সুকোমল শীল, ইসহাক মিজি, আবদুল হান্নান প্রমুখ।
যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক এবং বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. সজল চন্দ্র বণিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তাগণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে "বঙ্গবন্ধু হল" নামকরণের জন্য চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলমের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।