UGC Chairman Visits CUET
Untitled Document
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) মাননীয় চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী বলেছেন, প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে এখন এগিয়ে যাওয়ার সময়। সারা বিশ্বেই তা ঘটছে। বাংলাদেশও এর থেকে ব্যতিক্রম নয়। একমাত্র প্রযুক্তি ও উদ্ভাবনী শক্তির মাধ্যমেই উন্নত বিশ্বে মাথা উচুঁ করে দাঁড়ানো সম্ভব। আমরা মনে করি, বাংলাদেশের প্রকৌশল শিক্ষার ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল। তিনি আরও বলেন, বর্তমান সরকার উচ্চ শিক্ষাকে সবোর্চ্চ গুরুত্বের সহিত দেখছেন। যে শিক্ষায় সৃষ্টিশীলতা আছে, প্রয়োগিকতা আছে বিশেষ করে প্রকৌশল শিক্ষায় বরাদ্দ বাড়ানো উচিত বলে আমি মনে করি। আশার কথা এই যে, বর্তমান সরকার সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার প্রসারের ব্যাপারে অত্যন্ত আগ্রহী। তিনি এ খাতকে আরো অনেকদূর এগিয়ে নিতে যেতে চান। চুয়েটও এই এগিয়ে যাওয়ার সঙ্গী হবে বলে আমরা আশা করি।
তিনি গত ১৮ ডিসেম্বর ২০১১, রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর নবনিযুক্ত মাননীয় চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) মহোদয়ের সংবর্ধনা ও চুয়েটের প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাস। অনুষ্ঠানে আগমনের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাননীয় চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী মহোদয়কে চুয়েট ভিসি প্রফেসর ড. শ্যামল কান্তি বিশ্বাস আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের প্রাক্তন ছাত্র সমিতি ঢাকা'র সভাপতি ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক প্রকৌশলী হাবিবুর রহমান, সাধারন সম্পাদক প্রকৌশলী আতাউর রহমান খান, চুয়েট এলামনাই এসোসিয়েশন কানাডার স্কলারশিপ ফান্ডের সভাপতি প্রকৌশলী আবুল কালাম মাহমুদ আনসারী, আইআইইবি'র চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো: হারুন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক ও যন্ত্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. মো: তাজুল ইসলাম। অনুষ্ঠানে চুয়েটের বিভিন্ন বিভাগের ১৪ জন কৃতি ছাত্র-ছাত্রীকে চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, ছাত্র, কর্মকর্তা ও কর্মচারীগণের পক্ষ থেকে মাননীয় ইউজিসি চেয়ারম্যান মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়।